কক্সবাজারের রামু উপজেলায় একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক টমটম চালকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন। তিনি রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ভাড়া বাসাটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে বিছানার ওপর বাদলের গলাকাটা মরদেহ দেখতে পায়। মরদেহের অবস্থা দেখে পুলিশের ধারণা, অন্তত তিন দিন আগে তাকে শ্বাসরোধে হত্যার পর গলা কেটে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, পরিবারের অমতে আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এ নিয়ে বিরোধের জেরে বাদল স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন। রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, নিহতের স্ত্রী আগে বিবাহিত ছিলেন। এ কারণে পরিবার বিয়ে মেনে নেয়নি। তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সামাজিকভাবে বসে আমরা সেটি মীমাংসা করে দিয়েছিলাম।

Post a Comment