প্রয়াত চিত্রনায়ক জসীমের কোলে ছোট্ট রাতুল—ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বিকেলে ছবিটি ফেসবুকে পোস্ট করে জসীমের আরেক ছেলে এ কে রাহুল লিখেছেন, ‘এক সাথে থাকো।’
গতকাল রোববার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ কে রাতুল; যিনি ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার। রাতুলের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকালে রাজধনীর বনানী কবরস্থানে বাবা জসীমের কবরে রাতুলকে সমাহিত করা হয়েছে। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। জসীমের মৃত্যুর ২৭ বছর পর তাঁর সন্তান রাতুলও অন্যলোকে পাড়ি দিয়েছেন।
রাহুল ছবিটি পোস্ট করার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ঈশা খান দূরে লিখেছেন, ‘আল্লাহ এই শোক সইবার শক্তি তোমার পরিবারের সবাইকে দিন।’

Post a Comment