ফ্রান্স ইরান ও ইসরাইলের সাম্প্রতিক দ্বন্দ্বের সময় ইসরাইলকে সামরিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু। ফ্রান্সের পার্লামেন্টে বক্তব্যে তিনি বলেন, “গত কয়েকদিনে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাফায়েল যুদ্ধবিমান ব্যবহার করে ইসরাইলের আকাশে প্রবেশ করা ১০টিরও কম ড্রোন প্রতিহত করেছে।”

প্রতিরক্ষা মন্ত্রীর তথ্যানুযায়ী, ইরান-ইসরাইল যুদ্ধের ১২ দিনের মধ্যে ইরান প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০টির বেশি ড্রোন ইসরাইলের দিকে নিক্ষেপ করে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় তিনি গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ম্যাক্রোঁ লেখেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেছি।” তিনি আরও বলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বাধা অপসারণ করতে হবে এবং ফিলিস্তিন-ইসরাইল সংকটের টেকসই সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন।


ফোনালাপে ম্যাক্রোঁ যুদ্ধবিরতি মানার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন বলেও জানিয়েছেন।


Post a Comment

Previous Post Next Post